নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে না পারায় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদ যাওয়া হয়নি ডেভিড ডি গিয়ার। এজন্য রিয়াল মাদ্রিদ দুষছে ম্যানইউকে আর ম্যানইউ সব দায় চাপাচ্ছে রিয়ালের ঘাড়ে।
অনেক নাটকের পরে দলবদলের শেষ দিনে গত ৩১ আগস্ট ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে দুই দল মতৈক্যে পৌছায়। চুক্তির শর্ত অনুযায়ী ডি গিয়া ৩০ মিলিয়ন ইউরোতে রিয়ালে যোগ দেবেন এবং ১৫ মিলিয়ন ইউরোতে রিয়াল থেকে ম্যানইউতে যাবেন কেইলর নাভাস।
কিন্তু সবকিছু ভেস্তে যায় নির্ধারিত সময়ের মধ্যে স্প্যানিশ পেশাদার ফুটবল সংস্থার কাছে ডি গিয়ার দলবদলের কাগজপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায়।
এর সমস্ত দায় ম্যানইউ -এর ঘাড়ে চাপিয়ে রিয়াল তাদের আনুষ্ঠানিক বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, ক্লাব সর্বোচ্চ চেষ্টা করেছে ডি গিয়াকে নিয়ে আসতে কিন্তু ম্যানইউ একদম শেষ সময়ে কাগজপত্র পাঠানোয় নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষর কাছে সেগুলো জমা দিতে পারেনি।
রিয়ালের বিবৃতিতে আরো বলা হয় যে, ক্রমাগত প্রস্তাব দেওয়ার পরেও দলবদলের শেষ দিনে গিয়ে ডি গিয়ার প্রস্তাবে সম্মত হয় ম্যানইউ, যেটাকে ক্লাব এই চুক্তি ভেস্তে যাওয়ার প্রধান কারণ হিসেবে মনে করছে।
এদিকে ম্যানইউ পাল্টা বিবৃতিতে বলেছে, রিয়াল ডেডলাইন ডে’তে প্রস্তাব দিয়েছে। তারা এর আগে কোনো প্রস্তাব দেয়নি। এছাড়া ম্যানইউ ঠিক সময়েই কাগজপত্র দাখিল করেছে এবং এজন্য ফিফার যেকোনো শুনানিতে তারা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে স্বাক্ষী হিসেবে পাবে।
ম্যানইউ তাদের বিবৃতি শেষ করেছে এটা বলে যে, ক্লাবের সমর্থকদের প্রিয় ডেভিড ডি গিয়া থেকে যাওয়ায় কর্তৃপক্ষ আনন্দিত।