মাহাথিরকে জিজ্ঞাসাবাদ করবে মালয়েশিয়ার পুলিশ


মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করবে মালয়েশিয়ার পুলিশ। সম্পতি একটি সমাবেশে সরকারের বিরুদ্ধে তার অভিযোগের ব্যাখ্যা চেয়েছে পুলিশ। এ ব্যাপারে এখনও কোন মন্তব্য করেননি মাহাথির। খবর বিবিসির।

গণতন্ত্রের পক্ষে আন্দোলনকারীরা দুর্ণীতির কারণে প্রধানমন্ত্রী নাজিব রাজাককে পদত্যাগ করতে আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে গণতন্ত্রপন্থিদের জোট বারশি’র ডাকে সারাদেশে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। কুয়ালালামপুরে এক সমাবেশে মাহাথির ’জনগণের শক্তির’ মাধ্যমে সরকার উৎখাতের কথা বলেন।

এদিকে প্রধানমন্ত্রী নাজিব তার বিরুদ্ধে দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং মাহাথিরের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার চালানোর অভিযোগ এনেছেন। মালয়েশিয়ার রাজনীতিতে মাহাথিরের এখনও ব্যাপক প্রভাব রয়েছে। ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি মালয়েশিযার প্রধানমন্ত্রী ছিলেন।

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বকর বলেন, বারশি’র সমাবেশে মাহাথির সব ধরণের অভিযোগ করেছেন।

তিনি বলেন,আমরা এসব অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমরা আশা করি তিনি আমাদের সহযোগিতা করবেন। উল্লে­খযোগ্য আর সেসব ব্যাক্তি ঐ সমাবেশে অংশ নিয়েছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

তবে মঙ্গলবারও নিজের ব্লগে নাজিবের বিরুদ্ধে এমডিবি অর্থ তহবিল থেকে টাকা নেয়ার অভিযোগ করে একটি পোস্ট দেন মাহাথির।