অটোরিকশা বন্ধ থাকায় ১০০ কোটি টাকা ক্ষতি

সীতাকুণ্ডে অটোরিকশা বন্ধ থাকায় ১০০কোটি টাকা ক্ষতির শিকার হয়েছে ব্যাবসায়ীরা। মানবেতর জীবন যাপনসহ ঋণ পরিশোধের চিন্তায় দুঃসময় পাড় করছে তারা।
 
জানা যায়, সরকার গত ১আগষ্ট থেকে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়ায় সীতাকুণ্ডে বিভিন্ন ব্যাবসায়ীরা তাদের মালামাল বিক্রি করা থেকে বঞ্চিত। কারণ ওই এলাকার ক্রেতাদের মধ্যে ৮০ভাগেই নারী। অটোরিকশা না চলায় তারা মহাসড়ক অতিক্রম করে বাজারে আসতে পারছে না। ফলে ক্রেতার সংখ্যা কমে গেছে। সীতাকুণ্ডে পৌরসদরেই প্রায় ৫০টির মত বড় মার্কেট রয়েছে। মার্কেটসহ অন্যান্য ছোট দোকান মিলিয়ে প্রায় ২৫০০টি দোকান রয়েছে। 
 
পৌরসদরের ব্যবসায়ী নিজামুদ্দীন জানান, অটোরিকশা চলাচল বন্ধ হওয়ার আগে তার দোকানে গড়ে প্রতিদিন ৮-১০হাজার টাকা বিক্রি হতো। অটোরিকশা বন্ধের পর থেকে প্রতিদিন গড়ে বিক্রি হয়েছে ৫-৬শত টাকা। কোনো দিন ২-৩শত টাকাও বিক্রি হয়। অথচ তার বিদ্যুৎ বিল, দোকান ভাড়া, ষ্টাফ খরচ, ব্যাংক লোন ও পরিবারসহ ইত্যাদির প্রতিদিন খরচ আছে ২-৩ হাজার টাকা। এভাবে পৌরসদর বাজার, দারোগাহাট বাজার, তেরীয়াইল বাজার, বাড়বকুণ্ড বাজার, কুমিরা বাজার, বার আউলিয়া বাজর, বকুলা বাজার, কদম রসুল বাজার, মাদামবিবির হাট, ভাটিয়ারী বাজার, ফৌজদারহাট বাজারসহ পুরো উপজেলায় বড় বাজারগুলোর দোকানদারা পণ্য বিক্রি থেকে বঞ্চিত। 
 
অন্যদিকে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় অটোরিকশা মালিকরা ব্যাংক লোন নিয়ে দেউলিয়া হওয়ার পথে। কেউ কেউ তাদের পরিবার পরিজন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে বলে জানা যায়। সেই সঙ্গে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা ঠিকমত ক্লাস করা থেকে বঞ্চিত হচ্ছে।