টাঙ্গাইলে অস্ত্রসহ দুই শিশু আটক

টাঙ্গাইলে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ দুইজন শিশুকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব-১২। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু সেতুপূর্ব চায়না কোম্পানী (সিসিসিসি) এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 
 
টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব সেতুর ফাটল সংস্কার কাজে নিয়োজিত চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানী (সিসিসিসি) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহলকালে একটি বিদেশী পিস্তল (৭ দশমিক ৬৫ মি মি), একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ দুইজন শিশুজনকে আটক করা হয়। 
 
আটককৃতরা হলো- কালিহাতীর বেলটিয়া গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে মো. শামছুল হক (২১) ও একই গ্রামের খোদাবক্সের ছেলে শহীদুল ইসলাম (১৫)। 
 
র‌্যাবের দাবি, আটককৃতরা শিশু হলেও তারা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, অপহরণ ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে নাশকতা কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। মঙ্গলবার রাতে অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নেয়ার জন্য তারা অবৈধ অস্ত্র বহন করে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিল।