মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: ৫ আসামি ২ দিন করে রিমান্ডে


মাগুরায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গর্ভস্থ শিশুসহ মা গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার ঘটনায় আটক পাঁচ আসামির দুইদিন করে রিমান্ডের আদেশ দেয়া হয়েছে। বুধবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক ইমতিয়াজুল হক এই আদেশ দেন।
 
আসামিরা হলেন- ফরিদ, সাগর, লিটন, ইলিয়াস ও তার ছেলে সোহেল রানা।

এর আগে বুধবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমাউল হক আদালতে পাঁচ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসবাদের আবেদন করেন। শুনানি শেষে আদালত সবাইকে দুই দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই শহরের দোয়ার পাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে আব্দুল মমিন ভূইয়া নামে এক ব্যক্তি নিহত হন। গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন নাজমা বেগম নামে এক গৃহবধূ। ওই রাতেই মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নাজমার আট মাসের গুলিবিদ্ধ শিশুকে ভূমিষ্ট করানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর গত ২১ অগাস্ট মেয়ে সুরাইয়াকে নিয়ে বাড়ি ফেরেন নাজমা বেগম।

এ ঘটনায় নিহত আব্দুল মমিনের ছেলে রুবেল মিয়া বাদী হয়ে ২৬ জুলাই মাগুরা সদর থানায় ১৬ জনের নামে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।  

মামলার ৩ নম্বর আসামি আজিবর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। অন্যরা পলাতক রয়েছেন।