গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে শনিবার বিক্ষোভ

 
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিয়েছে ২০ দলীয় জোট। জোটের পক্ষে বুধবার এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা করেন।
 
বিবৃতিতে বলা হয়, ‘সরকার অযৌক্তিক ও বেআইনিভাবে গ্যাস, বিদ্যুত্ ও সিএনজির দাম বাড়িয়েছে।’
 
নজরুল ইসলাম বলেন, ‘কুইক রেন্টালের নামে লুট করা হাজার হাজার  কোটি টাকার দায় জনগণের ওপর চাপিয়ে দেয়ার সরকারি এই সিদ্ধান্ত অযৌক্তিক, অন্যায় ও গণবিরোধী।’
 
দেশবাসীকে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে  তোলার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘তা না হলে আগামী ডিসেম্বর আবার গ্যাসের মূল্যবৃদ্ধি করবে সরকার।’
 
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিদ্যুতের দাম ২.৯৩ শতাংশ আর গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়ায় সরকার।

 

ফোকাস বাংলা