শ্রীলংকান অফ স্পিনার কৌশলের বোলিং অ্যাকশন সন্দেহজনক

সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য রিপোর্টেড হয়েছেন শ্রীলংকান অফ স্পিনার থারিন্ডু কৌশল। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে তার বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ কর্মকর্তারা সন্দেহ করেন বলে বুধবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে জানানো হয়েছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ২২ বছর বয়সী এ খেলোয়াড়ের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা ম্যাচ কর্মকর্তাদের রিপোর্ট শ্রীলংকান ক্রিকেট কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।

ফলে দুই সপ্তাহের মধ্যে কৌশলকে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। গত ডিসেম্বরে অভিষেক হওয়ার পর ছয় টেস্টে ২৪ উইকেট শিকার করা কৌশল অবশ্য তার অ্যাকশন পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন।