বেনাপোলে সংঘর্ষে বিজিবি সদস্যসহ আহত ৮

 
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানিদের সঙ্গে সংঘর্ষে বিজিবি সদস্য আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, চোরাচালানি ধরতে ব্যর্থ বিজিবি সদস্যরা পরে ভবারবেড় গ্রামের বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে গ্রামের অন্তত সাত/আটজনকে আহত হয়েছেন। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, বিকেলের দিকে বিজিবি সদস্যরা একদল চোরাচালানিকে ধাওয়া করে। এ সময় বিজিবি সদস্যদের সাথে তাদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে চোরাচালানিদের ছোড়া ইটের আঘাতে বিজিবি হাবিলদার নাইমুর রহমান জখম হন। পরে বিজিবি সদস্যরা দল বেধে ফিরে এসে ভবারবেড় গ্রামবাসীর উপর হামলা চালায়। এতে সাধারণ ও নিরীহ ৭/৮ জন আহত হন।
 
এ ব্যাপারে ২৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, চোরাচালানিরা তাদের সৈনিকদের উপর হামলা চালিয়ে আহত করেছে।
 
ভবারবেড় গ্রামের পৌর কমিশনার জোছনা বেগম বলেন, চোরাচালানিদের আটক করতে ব্যর্থ হয়ে বিজিবি সৈনিকরা নিরিহ গ্রাম বাসীর উপর আক্রমণ করে তাদের আহত করেছে।
 
 
এদিকে বেনাপোল রেলস্টেশন ও ভবারবেড় গ্রাম জুড়ে বিকাল থেকে প্রায় দুই শতাধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এতে আতঙ্কিত হয়ে গ্রামের অনেক মানুষ ইতিমধ্যেই আটকের ভয়ে ঘর ছেড়ে পালিয়েছে।