ফিফা সভাপতি পদ প্রার্থী নাইজেরিয়ার সাবেক অধিনায়ক ওদেগবামি

ফিফা সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করলেন নাইজেরিয়ার সাবেক অধিনায়ক সেগান ওদেগবামি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় সেফ ব্লাটারের জায়গায় প্রার্থী হিসেবে মঙ্গলবার নতুন সংযুক্ত হল নাইজেরিয়ান সাবেক এই কৃতি ফুটবলারের নাম।


১৯৮০ সালে প্রথমবারের মত আফ্রিকা কাপ অব নেশনস শিরোপা জয়ী নাইজেরিয়া দলের প্রধান তারকা ছিলেন তিনি। নিজেকে আফ্রিকার প্রার্থী ঘোষণা করে ওদেগবামি বলেন, "কেলেঙ্কারিতে জড়িয়ে মর্যাদা হারিয়ে ফেলা ফিফার ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন।"

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ফিফা নির্বাচনে পঞ্চমবারের মত সভাপতি নির্বাচনের পর ফিফার ১৪ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় ইমেজ সংকটে পড়ে যান ফিফা প্রসিডেন্ট সেফ ব্লাটার। এরপর পদত্যাগেরও ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য,  টেলিভিশন ও বিপনন চুক্তি করার সময় ওই কর্মকর্তাদের বিপক্ষে ১৫০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ তসরুপের অভিযোগে চার্জ গঠন করে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। ওই ঘটনায় ৭ ফিফা কর্মকর্তাকে আটক করে কারাগারে পাঠানো হয়।

ওদেগবামি বলেন, "১১১ বছরের ইতিহাসে ফিফা বর্তমান সময়ের মত এত সংকটে আর কখনো পড়েনি। এখান থেকে মুক্তি পেতে হলে ফিফার নতুন নেতৃত্বের কোন বিকল্প নেই।"