রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর কাকরাইলে একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কাকরাইল হোটেল ইশা খাঁ’র পূর্ব পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত ব্যক্তিরা হলেন- আসিফ (৩৫) ও রুবেল (৩৪)। তাদের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।
 
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ইকোনো পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে জনশক্তি কর্মসংস্থান ভবনের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় অটোরিকশা চালক ঠান্ডু মিয়া (৪০), আসিফ ও রুবেল আহত হন। পথচারীরা ঘটনাস্থল থেকে আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালক ঠান্ডু মিয়া আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।