বিয়ার গ্রিলসের সঙ্গে আলাস্কার হিমবাহে টিকে থাকার লড়াইয়ে নেমেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের এনবিসি চ্যানেলের ‘রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ এর বিশেষ এপিসোডের শ্যুটিংয়ের সময় আলাস্কায় উচ্ছ্বসিত একটি সেলফি নিজের ইনস্টাগ্রামের একাউন্ট থেকে পোস্ট করেছেন তিনি।
আলাস্কায় তিন দিনের সফরে ওবামার ব্যস্ত সময়সূচির মধ্যে ছিল- অরণ্যে সব ধরণের আধুনিক সুবিধা ছাড়া টিকে থাকার বিয়ার গ্রিলসের সঙ্গে তার বিখ্যাত শো ‘রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ এর একটি এপিসোডে শ্যুট করবেন। আলাস্কার এক্সিট হিমবাহে এই শ্যুটিংয়ের সময়ে বেয়ার গ্রিলসের সঙ্গে একটি হাস্যোজ্জ্বল সেলফি তুলে হোয়াইট হাউসের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করেন। আর সেই পোস্টের ক্যাপশনে বিয়ার গ্রিলসের দিকে ইঙ্গিত করে বলেন, আমি আনন্দিত, কারণ জঙ্গলে এই একটি (বিয়ার) ভালুকের সঙ্গেই আমার দেখা হয়েছে।
এই অনুষ্ঠানে ওবামার যোগ দেয়ার কারণ ছিল আলাস্কায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিজের চোখে দেখবেন। ওবামার নিরাপত্তার দায়িত্বে ১৪ জন সিক্রেট সার্ভিস সদস্য গাছের ছদ্মবেশে ছিলেন। রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলসের এই বিশেষ এপিসোডটি এই বছরের শেষের দিকে এনবিসিতে প্রদর্শন করা হবে।
উল্লেখ্য, অ্যাডওয়ার্ড মাইকেল বিয়ার গ্রিলস একজন ব্রিটিশ টিভি ব্যক্তিত্ব। ডিসকভারির ম্যান ভার্সাস ওয়াইল্ড টিভি শো দিয়ে তিনি বিশ্বে পরিচিতি পেয়েছেন। বর্তমানে এনবিসিতে বিভিন্ন জগতের সেলিব্রেটিদের নিয়ে অরণ্যে টিকে থাকার নতুন শো রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস শুরু করেছেন।