খাগড়াছড়ির মানিকছড়িতে আবদুল মতিন (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার ভোরে মলঙ্গিপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যাকাণ্ডে কারণ জানা যায়নি। পুলিশও কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ জানায়, মলঙ্গীপাড়ায় সপরিবারে বসবাস করতেন কৃষক আবদুল মতিন। বুধবার নিহতের স্ত্রী রাবেয়া বেগম গুচ্ছগ্রামে বসবাসরত ছেলে ভানু মিয়ার বাসায় বেড়াতে যান। সেদিন বাড়িতে একাই রাত্রি যাপন করেন আবদুল মতিন। এ সুযোগে দুর্বৃত্তরা গভীর রাতে ঘরে ঢুকে তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। ভোরে পথচারীরা নিহতের ঘরের দরজা খোলা দেখে। ঘরে ঢুকে নাকে-মুখে রক্তাক্ত লাশ দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে গুচ্ছগ্রামে বসবাসরত নিহতের আত্মীয়-স্বজনরা সেখানে যায়। পুলিশকে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা জোরদার করে।
মানিকছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আব্দুল মতিনের পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।'
মানিকছড়ি থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যার তদন্ত চলছে।'