পাকিস্তান-ভারত সিরিজ নিয়ে পিসিবির আশাবাদ

 
পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান। ভারত সরকারকে এই সিরিজ আয়োজনে প্রয়োজনীয় অনুমোদন প্রদান করতে অনুরোধ করেছেন তিনি।
 
গত ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে ২০১৫ থেকে ২০২৩ এই আট বছরে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হবে। কিন্তু বর্তমানে এই দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আবারো খারাপ হয়ে যাওয়ায় সেটা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বিসিসিসিআই এর সেক্রেটারি অনুরাগ ঠাকুর বলেছিলেন যে এমন রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক টিকে থাকতে পারে না। বিসিসিআই সেক্রেটারির এই মন্তব্য পাকিস্তান-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক ছায়া ফেলেছে বলে মনে করেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান।
 
দুই দেশের সিরিজের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আমি আশাবাদী যে আমাদের সীমান্তে সমস্যা স্বত্ত্বেও ভারতীয় সরকার এই সিরিজ আয়োজনে বাধা দেবে না। এছাড়া পিসিবি সভাপতি মনে করেন ক্রিকেট মাঠের লড়াই এই দুই দেশের মধ্যে বিরাজমান রাজনৈতিক বিবাদ মীমাংসাতেও ভূমিকা রাখবে। ২০০৭ সালের পরে আর ভারত-পাকিস্তান পূর্ণাঙ্গ সিরিজ অনুষ্ঠিত হয়নি। ২০১২ সালে ভারতে সংক্ষিপ্ত সফরে দুটি টি টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলেছিল পাকিস্তান।