রাজশাহীর দুর্গাপুরে সরকারী বরাদ্দের এগার বস্তা চাল চোরাই পথে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবার সময় জব্দ করে জনতা। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও ১৮ বস্তা সরকারী বরাদ্দের চাল জব্দ করে। সবমিলিয়ে ২৯ বস্তা চাল থানায় জমা করা হয়েছে।
স্থানীয়রা জানায়, জয়নগর ইউনিয়নের ৩৭৭জন উপকারভোগীর মধ্যে শিশু মাতা কার্ডের চাল বিতরণের জন্য মঙ্গলবার দুপুর থেকে বিতরণ শুরু হয়। রাত সাড়ে ৯টার দিকে চাল বিতরণ শেষ করে ইউপি সচিব কামরুল ইসলাম, ইউপি সদস্য জাকির হোসেন ও নারী ইউপি সদস্য রুপালী খাতুন ভ্যানে করে ১১বস্তা চাল ইউনিয়ন পরিষদ থেকে রাতের আঁধারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা জানতে পেরে হাতে নাতে চালের বস্তগুলো উদ্ধার করে থানায় খবর দেন। পরে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোট ২৯বস্তায় থাকা ৯৬০কেজি চাল জব্দ করে।
নারিকেলবাড়িয়া গ্রামের আবু বাক্কার অভিযোগ করেন, তার স্ত্রী রাবিয়া বেগম চাল নিতে ইউনিয়ন পরিষদে গেলে তাকে ৫কেজি চাল কম দেয়া হয়েছে। একই অভিযোগ করলেন একই গ্রামের শ্যামলী খাতুনও।
দুর্গাপুর থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, রাতেই চালের বস্তাগুলো জব্দ করে সিলগালা করা হয়েছে। খাদ্য অধিদফতরের লোকজন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।