স্কুলছাত্রী গণধর্ষণের অভিযোগে মামলা

 
নীলফামারী কিশোরগঞ্জে মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় চারজনকে আসামি করে নির্যাতিতার মা বাদী হয়ে মামলা করেন।
 
থানা সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সন্ধ্যায় ঐ ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হয়। এসময় মধুপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক মিয়াসহ (১৮) চারজন তাকে অপহরণ করে। পরে বিভিন্ন স্থানে রেখে তারা ঐ ছাত্রীর ওপর নির্যাতন চালায়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে বাড়ির পাশের বাঁশঝাড়ে ফেলে দিয়ে যায়।
 
মামলার বাদী নির্যাতিতার মা জানান, মেয়েকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে তাকে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মেয়ের মুখে নির্যাতনের কথা শুনে থানায় মামলা করা হয়েছে।
 
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। খুব শিগগির আসামিদের  গ্রেফতার করা হবে।