পর্তুগীজ ক্লাবে রিভালদোর ছেলে রিভালদিনহো

ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রিভালদোর ছেলে রিভালদিনহোর সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগীজ ক্লাব বোয়াভিস্তা। ব্রাজিলের মোগি মিরিম থেকে তিন বছরের চুক্তিতে পোর্তো ভিত্তিক শীর্ষ পর্যায়ের এই ক্লাবটিতে ২০ বছর বয়সী রিভালদিনহো যোগ দিয়েছেন বলে এক বিবৃতিতে বোয়াভিস্তার পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্রাজিলের সিরি-বি ক্লাব মোগি মিরিমের হয়ে রিভালদিনহো ৪৭ ম্যাচে ১১টি গোল করেছেন। তার বাবা রিভালদো ১৯৯৯ সালে ফিফা ব্যালন ডি’অর জিতেছিলেন। ব্রাজিলের হয়ে ৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে গোল করেছেন ৩৫টি। ২০০২ সালে বিশ্বকাপ জয়ী সেলেসাও দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে মোগি মিরিম থেকে ৪৩ বছর বয়সে রিভালদো ২৪ বছরের পেশাদার ফুটবলের ইতি টানেন।