গাইবান্ধার সুন্দরগঞ্জের রামদেবে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী তরি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভাটারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সহপাঠি শিখা আক্তার ও চালক আসাদুজ্জামান আহত হন।
নিহত তরি আক্তর সুন্দরগঞ্জের জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে কালিতলা গ্রামের আব্দুল খালেকের মেয়ে। আহতদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার জানান, তরি ও শিখা প্রতিবেশি ভাই আসাদুজ্জামানের সঙ্গে মোটর সাইকেলে বাড়ি থেকে উপবৃত্তির টাকা তোলার জন্য স্কুলে যাচ্ছিল। পথে সুন্দরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কের ওপর ছিটকে পড়ে। তরি আক্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহিদ আরিফ জানান, চালক আবুল কালাম আজাদ ও ঘাতক বাসটি আটক করা হয়েছে।