দু’দিন বন্ধ রাখার পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের প্রধান রেল স্টেশন খুলে দেয়া হয়েছে। কিন্তু সরকারি এক ঘোষণায় বলা হয়েছে, পশ্চিম ইউরোপগামী আন্তর্জাতিক ট্রেনগুলো অনির্দিষ্টকালের জন্যে বন্ধ থাকবে। কিন্তু কি কারণে বৃহস্পতিবার সকাল থেকে অভিবাসীদের স্টেশনে ঢুকতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ তা জানা যায়নি।
এদিকে হাঙ্গেরির অভিবাসন বিরোধী প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান অভিবাসী সংকট নিয়ে আলোচনা করতে এখন ব্রাসেলস রয়েছেন। মঙ্গলবার ও বুধবার বুদাপেস্টের কেলেটি স্টেশনে ভিড় করা অভিবাসীদের ট্রেনে উঠতে না দেয়ায় তারা বিক্ষোভ শুরু করে। এমনকি অনেকের সঙ্গে পুলিশের হাতাহাতি পর্যন্ত ঘটে।
উল্লেখ্য, সম্প্রতি ইউরোপে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে। কেবলমাত্র জুলাইয়ে এ সংখ্যা ছিল এক লাখ সাত হাজার পাঁচশ'। জার্মানী এ বছর আট লাখ অভিবাসী গ্রহণের প্রত্যাশা করছে যা গত বছরের তুলনায় চারগুণ বেশি।
অভিবাসীর এ ঢল এক ধরণের উত্তেজনা এবং ইউরোপিয় ইউনিয়নের অভিবাসন নীতিতে মতানৈক্য তৈরি করেছে। যদিও বুধবার জার্মানী, ইতালি ও ফ্রান্স ইউরোপিয় ইউনিয়ন জুড়ে শরণার্থী সমানভাগে ভাগ করার আহ্বান জানিয়েছে। ইতালি ও গ্রিসের অভিযোগ তারা অভিবাসী সংকটে একেবারে নিমজ্জিত। জার্মানীর মতো দেশগুলো ব্যাপক সংখ্যক অভিবাসীকে গ্রহণের জন্যে প্রস্তুত থাকলেও অন্যান্য দেশগুলো তা করছে না।
এদিকে সংকট নিয়ে আলোচনার জন্যে ১৪ সেপ্টেম্বর ইইউ’র স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রীরা এক বৈঠকে মিলিত হচ্ছেন। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, একের পর এক শরণার্থী গ্রহন কোন সমাধান নয়।