মালয়েশিয়ার পশ্চিম উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। মালয়েশীয় কর্তৃপক্ষ জানিয়েছে নৌকাটিতে ৭০ জন অভিবাসী ছিলেন। বৃহস্পতিবার সেলাঙ্গোর রাজ্যের সাবাক বারনাম শহরের কাছে এই নৌকাডুবির ঘটনা ঘটে। খবর- বিবিসির।
দেশটির মেরিটাইম কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে ১৩ জনই নারী বলে জানান কর্মকর্তারা। ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মালয়েশীয় কর্তৃপক্ষের দাবি, নৌকার আরোহীরা সকলেই ইন্দোনেশিয়ার নাগরিক। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাতকারে মোহাম্মদ ইলিয়াস নামের এক কর্মকর্তা জানান, 'আমরা এখনো নিশ্চিত নই নৌকাটিতে আরোহীরা মালয়েশিয়ায় আসছিলেন নাকি অবৈধভাবে মালয়েশিয়া ছাড়ছিলেন।' একটি জাহাজ ও একটি বিমান দুর্ঘটনাগ্রস্তদের খোঁজার কাজ করছে।
ইন্দোনেশিয়ার হাজার হাজার মানুষ অবৈধভাবে মালয়েশিয়ায় কাজ করেন। এদের অনেকেই দেশে ফিরতে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ ব্যবহার করেন।