কেন্দুয়ায় বিদ্যুৎ বন্ধ রাখতে যুবলীগ নেতার হুমকি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ বন্ধ রাখতে জেনারেটর ব্যবসায়ী এক আওয়ামী লীগ নেতা পল্লিবিদ্যুতের কর্মকর্তাদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
 
এ ঘটনায় বুধবার পল্লিবিদ্যুতের কেন্দুয়া সাব জোনাল অফিসের এজিএম আলমগীর হোসেন কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
 
জানা গেছে, সান্দিকোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও জেনারেটর ব্যবসায়ী আবু তাহের দীর্ঘ দিন ধরে স্থানীয় সাহিতপুর বাজারে জেনারেটরের ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিদিন সন্ধ্যায় জেনারেটর চালু করে বাজারের প্রত্যেক দোকান মালিকের কাছ থেকে বাতি জ্বালানো বাবদ ১০ টাকা করে নেন তিনি। সম্প্রতি ওই এলাকায় বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ থাকায় ক্ষিপ্ত হন আবু তাহের ও বাজারের ইজারাদার আব্দুর রাজ্জাক। এর জেরে এ দুইজন সাহিতপুর পল্লিবিদ্যুতের অভিযোগ কেন্দ্রের লোকজনকে নিরবচ্ছিন্ন সেবা বন্ধ রাখার জন্য মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং সেবা নিরবচ্ছিন্ন না রাখতে হুমকি-ধামকি দেন।
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।