২০৪১ সালের মধ্যে প্রযুক্তিখাতে আয় হবে ৫০ বিলিয়ন ডলার: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের তথ্যপ্রযুক্তি খাত থেকে বর্তমানে প্রায় ৩০০ মিলিয়ন ডলার আয় হচ্ছে। এই আয় ২০৪১ সালের মধ্যে ৫০ বিলিয়ন করা সম্ভব। এ কারনে খাতটিতে তরুণদের আরও বেশি পরিমাণে জড়িত হতে হবে।

বৃহস্পতিবার রাজধানীতে ‘হাইটেকপার্ক পলিসি ও রোডম্যাপ’ নামে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে কমপক্ষে দুই লাখ তরুণকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা হবে। এর মধ্যে দিয়ে দেশের শ্রমভিত্তিক অর্থনীতি মেধাভিত্তিক অর্থনীতিতে রূপ নেবে। এখন আইটি সেক্টর যেভাবে কাজ করছে এর ধারাবাহিকতা বজায় রাখা দরকার। তাতে অল্প সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছানো যাবে।

বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার।