শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশে বীর, পীর, দাতা, জ্ঞানী মানুষের অভাব নেই কিন্তু দেশপ্রেমিকের বড় অভাব। সবাই এমপি-মন্ত্রী না হলেও দেশপ্রেমিক হতে হয়। দেশপ্রেমিক না থাকলে দেশ রসাতলে যায়। আপনারা সেই দেশপ্রেমিক হবেন। এটাই আমার প্রত্যাশা।’
বৃহস্পতিবার দুপুরে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আয়োজনে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের (আইইবি) স্বীকৃতি অর্জন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে জাসদ সভাপতি বলেন, ‘বড় করে স্বপ্ন দেখবেন। উঁচুতে লক্ষ্য স্থির করবেন। পৌঁছাতে হবে এমন কোনো কথা নেই। সেনাপতি হওয়ার স্বপ্ন দেখবেন, সৈনিক হলেও চলবে। রাজপথের স্বপ্ন দেখবেন সরু গলি হলেও চলবে কিন্তু ছোট স্বপ্ন দেখা যাবে না।’