‘বাংলাদেশের প্রধান শহর ঢাকার সাথে দ্বিতীয় প্রধান শহর চট্টগ্রামের ব্যবধান অনেক। এ জন্য সবাই ঢাকায় চলে আসছে। সবকিছুই ঢাকা কেন্দ্রিক হয়ে পড়ছে। ঢাকার মানে আরো ৪ থেকে ৫টি শহর দেশে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে চট্টগামের দিকে এখনই নজর দিতে হবে।’
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির আয়োজনে চট্টগ্রাম বিষয়ক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বৃহস্পতিবার রাজধানীর একটি জাতীয় পত্রিকার অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে বর্তমানে ১৩৯টি প্রকল্প চলমান আছে। এর মধ্যে অনেক প্রকল্প জলাবদ্ধতা ও যানজট নিরসন সংক্রান্ত। এগুলো সম্পন্ন হতে ৩ বছর সময় লাগবে। এ সময় পর সিটি কর্পোরেশনের দুরাবস্থা আর থাকবে না।’
বক্তারা বলেন, ‘তৈরি পোশাক শিল্প থেকে রফতানি আয় ৫০ বিলিয়ন ডলার করতে হলে চট্টগ্রামকে ঢাকার পরেই দ্বিতীয় প্রধান তৈরি পোশাক শিল্প এলাকা হিসেবে গড়ে তুলতে হবে।’