শুক্রবার থেকে দুদিন ব্যাপী শুরু হতে যাচ্ছে হযরত শাহজালাল (রহ)’র ৬৯৬ তম ওরস মোবারক। এ উপলক্ষে মাজার কর্তৃপক্ষ প্রতিবারের মত ব্যাপক কর্মসূচি নিয়েছে।
মাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন।
তিনি জানান, মাজার ও আশপাশ এলাকায় এক হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে সাদা পোশাকধারী পুলিশও রয়েছে। আশপাশের এলাকায় ৩৬ টি সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে দুদিনব্যাপী সিলেট নগরীর ছয়টি সড়কে যানচলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সড়কগুলো হলো, আম্বরখানা-চৌহাট্টা, দর্শন দেউড়ি-ঝর্ণারপাড়, মীরের ময়দান-ঝর্ণারপাড়, আলীয়া মাদরাসা মাঠের পশ্চিম (পূবালী ব্যাংকের সামনে থেকে)-দর্শনদেউড়ি, দর্শন দেউড়ি (পেট্রোল পাম্প থেকে)-রাজারগলি-মাজার গেট।