রাজধানীতে ট্রাকের ধাক্কায় শফিকুল ইসলাম (২৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৬টার দিকে মধ্যবাড্ডা ওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। শফিকুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুর রহমানের ছেলে বলে জানা গেছে। তিনি মধ্যবাড্ডার ইদ্রিস আলীর বাসায় ভাড়া থাকতেন।
তার স্ত্রী নূরজাহান বেগম জানান, সারারাত সিএনজি অটোরিশাটি চালিয়ে সকালে তা গ্যারেজে জমা দিয়ে বাসায় ফিরছিলেন তার স্বামী শফিকুল। সকাল ৬টার দিকে মধ্যবাড্ডার ওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।