ভোলার মনপুরা থেকে তজুমদ্দিন নৌ-রুটের যাত্রীবাহী সি-ট্রাকটি ছয়দিন যাবৎ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এ রুটের যাত্রীদের।
জানা যায়, ৩০ আগস্ট সি-ট্রাকটি মনপুরার হাজির হাটঘাট থেকে ছেড়ে তজুমুদ্দিন ঘাটে পৌছার আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ওই দিন সি-ট্রাকটি তজুমদ্দিন ঘাট থেকে আর ছাড়েনি। যান্ত্রিক ত্রুটি দ্রুত সেড়ে এ রুটে সি-ট্রাকটি চালু করার কথা থাকলেও এখনও তা হয়নি। উত্তাল মেঘনা পাড়ি দিতে ছোট ট্রলারে উঠতে বাধ্য হচ্ছে যাত্রীরা। যে কোনো সময় নৌদুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে তারা।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন খান বলেন, 'দ্রুত যান্ত্রিক ত্রুটি সেড়ে সি-ট্রাকটি চালুর জন্য বলা হয়েছে। আশা করি, তা দ্রুত তা চালু হবে।'
এ ব্যাপারে সি-ট্রাকটির তত্ত্বাবধায়ক ভুট্টু বলেন, 'এ রুটে চলাচলকারী সি-ট্রাকটি অনেক পুরান। গত বছর তাড়াহুড়ো করে ডকইয়ার্ড থেকে সি-ট্রাকটি নিয়ে আসায় মেরামতের অনেক কাজ বাকি থেকে যায়। এখন যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্রুত তা মেরামত করার জন্য কাজ করছি। শিগগিরই মেরামত কাজ শেষ হবে। দুইদিনের মধ্যে সি-ট্রাকটি দিয়ে যাত্রী পারাপার শুরু করা হবে জানান তিনি।