খুলনার ডুমুরিয়ায় পরকীয়ার জের ধরে নান্টু শেখ (২৫) নামে এক ব্যক্তিকে গলা টিপে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তার স্ত্রী ও রেজোয়ান নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় হত্যার ঘটনাটি ঘটে।
আটককৃত রেজোয়ান শেখ পুলিশকে জানান, প্রতিবেশি নান্টু শেখের স্ত্রী (২২) আঞ্জুর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক আছে। দুইজনের পথের কাঁটা সরাতে নান্টুকে মেরে ফেলার চিন্তা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী নান্টুকে একটি চিংড়ি ঘেরের টং ঘরে নিয়ে এসে টাইগারের (পানীয়) সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান রেজোয়ান। ঘুমে অচেতন হয়ে পড়লে তাকে গলা টিপে হত্যা করেন তিনি।
রেজোয়ান আরো জানান, তিনি আজ শুক্রবার সকালে বাজারে যাওয়ার পর সন্দেহ হলে লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে স্থানীয়রা নান্টুর স্ত্রী আঞ্জুর মুখোমুখি করলে তারা পরকীয়ার কথা জানায় এবং হত্যার কথা শিকার করে। স্থানীয়রা পুলিশে খবর দিলে তাদের থানায় নিয়ে আসা হয়।
ডুমুরিয়া থানার ওসি এম মশিউর রহমান বলেন, পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। রেজোয়ান ও আঞ্জুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের পর এই ব্যাপারে মামলা হবে।