নির্বাচন নিয়ে বিএনপির কাছ থেকে কোনো কথা শুনবো না: সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নির্বাচন প্রশ্নে এখন জনমত হচ্ছে। নির্বাচন এখন দরকার নাই। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন ঠিক সময়েই হোক। 
 
তিনি আরো বলেন- বিএনপির মওদুদ সাহেব বলেছেন, আমরা আন্দোলন করছি, সরকারের বিরুদ্ধে নয়, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। এখন জনগণও চায় গণতন্ত্রের স্বার্থে ঠিক সময়েই নির্বাচন হোক। তাই বিএনপির কাছে আশা করবো, মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিরোধটা এখানেই মিটে গেছে, এনিয়ে তাদের কাছ থেকে আর কোন কথা শুনবো না।
 
বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রবিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাম্প্রতিক এক জনমত জরিপের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির উদ্দেশে এসব কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
 
শুক্রবার দুপুরে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, এটা আমাদের কথা নয়, আমেরিকার প্রতিষ্ঠানের জরিপ বলেছে, সরকারের জনপ্রিয়তা বাড়ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আরো বেড়েছে। সুতরাং বিএনপির নির্বাচন প্রশ্নে আর কথা থাকার কথা নয়।
 
আয়োজক সংগঠনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও কৃষকলীগ নেতা আবদুল হাই কানু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমির হুমায়ুন কবির মিজী প্রমুখ।