অস্ত্র ও মাদকসহ সিরাজগঞ্জের কাজিপুরের শুভগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটককৃত ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রিপন (৪০) নিয়োগীবাড়ি গ্রামের সাবেক চেয়ারম্যান আবুল তালুকদারের ছেলে। শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে বিএনপির নেতাকে আটক করা হয়।
কাজিপুর থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার নিয়োগীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রিপন চেয়ারম্যানকে আটক করা হয়। তিনি একাধিক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ সময় তার কাছ থেকে একটি কাটা রাইফেল, একটি রাইফেলের ব্যানেট, ১৫রাউন্ড গুলি, সাতটি রামদা, ১১পিস ইয়াবা ও আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক রিপনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ব্যাপারে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।