বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাড়ে ২৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামালসহ ৪ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে এ অভিযান চালানো হয়।
জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের সহকারি পরিচালক আবু সাঈদ মৃধা জানান, গ্রেফতারকৃত চোরাচালানীরা হচ্ছেন- বোরহান হোসেন (৩৩), মোছা. মাসুদা (৪৬), আমেনা বেগম (৫০), মোছা. জয়নব বানু (২৫)। আটককৃতদেরকে ভ্রাম্যমান আদালতে বিচারকার্যের জন্য হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিচারকার্য প্রক্রিয়াধীন আছে। আটককৃত মালামালের মধ্যে রয়েছে- ফেন্সিডিল ৯৮৮ বোতল, শাড়ি ১২৭টি, থ্রীপিচ ৫টি, জিরা ৪০ কেজি, চশমা ২৯০টি, ট্রাক ১টি, গাড়ীর যন্ত্রাংশ ৩টিসহ অন্যান্য দ্রব্য। এগুলোর মূল্য ২৬ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, পাঁচবিবি উপজেলার নাকুরগাছী চেকপোস্টের বিজিবি সদস্যরা কাঠের ভূষি ভর্তি ট্রাকে অভিযান চালিয়ে ৮০২বোতল ফেন্সিডিল, ১টি ত্রিফল, ১২০বস্তা ভূষি, গাড়ীর যন্ত্রাংশ উদ্ধার করে। এ চোরাচালানীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোরহানকে আটক করা হয়। একই স্থানে বাসে তল্লাশি চালিয়ে বিজিবি ৩৬বোতল ফেন্সিডিল, জিরা, চশমা, থ্রীপিচসহ ওই তিন নারীকে আটক করে। এ ব্যাপারে পাঁচবিবি থানায় পৃথক মামলা হয়েছে। উদ্ধারকৃত পন্যগুলো হিলি কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানায় বিজিবি। ঈদকে সামনে রেখে চোরাচালানী সিন্ডিকেটের সদস্যরা তৎপর হলেও বিজিবি সদস্যদের কড়া নজরদারীতে তা সফল হচ্ছে না বলে জানান সহকারি পরিচালক আবু সাঈদ মৃধা।