কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রস্তাবে রাজি ছিলেন মোশাররফ

 
কাশ্মীর সমস্যার সমাধানে জাতিসংঘের দেয়া এক প্রস্তাবনায় সম্মত ছিলেন পাকিস্তানের তত্কালীন সেনাশাসক পারভেজ মোশাররফ। সমপ্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত গোপন নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। খবর ডন নিউজের।
 
নথিতে উল্লেখ করা হয়েছে, ২০০০ সালের ২৭ মে ইসলামাবাদে পাকিস্তানের তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তারের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক সহকারী সচিব থমাস পিকারিং দুই ঘণ্টাব্যাপী এক বৈঠক করেন।
 
নথিতে বলা হয়েছে—সাত্তার জানিয়েছিলেন তিনি কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তরেখা ও অভ্যন্তরীণ সহিংসতা কমানোর ব্যাপারে চিন্তা-ভাবনা করা শুরু করেছেন।
 
আরও উল্লেখ করা হয়েছে—সাত্তার জানান, পাকিস্তান ১৯৪০ দশকে জাতিসংঘের  একটি প্রস্তাবনার বিষয়ে জ্ঞাত রয়েছে। যে প্রস্তাবটি বেশি আলোচনায় আসেনি।
 
এ ঘটনার দুইদিন পর ২৯ মে  ওয়াশিংটনে আরেকটি বার্তা পাঠায় ইসলামাবাদস্থ মার্কিন দূতাবাস। ওই বার্তায় বলা হয়—পাকিস্তানের তত্কালীন রাষ্ট্রপ্রধান পারভেজ মোশাররফের সঙ্গে বৈঠক করেন পিকারিং। মোশাররফ বলেন, ‘কাশ্মীরে সহিংসতা হ্রাস ও আলোচনায় ফেরার বিষয়টি সমর্থন করে পাকিস্তান।’
 
মোশাররফ প্রতিশ্রুতি দেন তার সরকার সহিংসতা কমাতে সব ধরনের ব্যবস্থা নেবে।
 
পিকারিং জেনারেল মোশাররফকে জানান, যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের মাঝে পাঁচটি বিষয় গুরুত্বপূর্ণ। সেগুলো হলো—কাশ্মীর, আফগানিস্তান, সন্ত্রাসের বিস্তার রোধ, গণতন্ত্র ও অর্থনীতি।
 
নথিতে দেখা গেছে—কাশ্মীর সমস্যা সমাধানে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চায় যুক্তরাষ্ট্র।