ছোটপর্দা দিয়েই ফিরলেন পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমা। দীর্ঘদিন শোবিজের বাইরে থাকার পর আবারও ফিরলেন। তবে কোনো চলচ্চিত্র দিয়ে নয়। ঈদের বিশেষ একটি নাটকে অভিনয় করবেন তিনি। ‘প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন’ শিরোনামে নাটকটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন মোশারফ করিম ও ইরেশ জাকের। এছাড়াও আরও কয়েকটি নাটক ও টেলিফিল্মে এবার দেখা যাবে তাকে। ছোটপর্দায় পূর্ণিমা অভিনয় শুরু করেন অনেক আগে থেকেই। বড়পর্দার পাশাপাশি তাকে ছোটপর্দায় দেখা গেলেও দীর্ঘদিন ধরে ছোটপর্দাতেই দেখা মিলছে তার। তার সমসাময়িক এখন অনেকে ছোটপর্দাকেই পরবর্তী অভিনয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, আসলে বিয়ের পর আমি অভিনয় কমিয়ে দিয়েছি। ছোটপর্দায় খুব বেশিদিন শুটিং ব্যস্ততা থাকে না। তাই হয়তো এখানে অভিনয় করা সম্ভব হচ্ছে। তবে চলচ্চিত্রই আমার মূল জায়গা। এখনও জানি না কবে নতুন কাজ করবো। তবে ভালো গল্প পেলে হয়তো করতে পারি। পূর্ণিমা অভিনীত এই নাটকটি ঈদে এনটিভিতে বিরতিহীন নাটক হিসেবে প্রচার হবে। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, প্রথমবারের মতো মোশারফ করিম ও ইরেশ জাকেরের সাথে কাজ করলাম। অনেক আনন্দ নিয়ে কাজটি করেছি। অনেকদিন বিরতির পর এমন একটি কাজ দিয়ে ফিরতে পেরে ভালো লাগছে।