রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ষোল কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইমিগ্রেশনের টয়লেট থেকে এসব সোনা জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অ্যারাইভাল ইমিগ্রেশনের টয়লেট থেকে ১৬কেজি সোনা জব্দ করা হয়। টয়লেটের মধ্যে টিস্যু পেপারে মোড়ানো অবস্থায় ১২টি সোনার বার ও কিছু গহনা পাওয়া যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এসব সোনার বাজারমূল্য আট কোটি টাকার মতো বলে জানান তিনি।
এ ঘটনায় নুরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।