ক্যান্সারের কাছে পরাজিত সংগীত পরিচালক আদেশ শ্রীবাস্তব

 
ক্যান্সারের সঙ্গে লড়া্ইয়ে পরাজিত হয়ে না ফেরের দেশে  চলে গেলেন বলিউডের জনপ্রিয় গায়ক- সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তব। গতকাল  মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মাত্র ৫১ বছর বয়সে প্রয়াত হলেন তিনি।  
 
গত ৪০ দিন এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।  আদেশ রেখে গেলেন তাঁর স্ত্রী বলিউডের প্রাক্তন অভিনেত্রী ও সঙ্গীত পরিচালক জুটি যতিন-ললিতের বোন বিজেতা পণ্ডিত এবং দুই সন্তান অনিবেশ ও অভিতেশকে। উল্লেখ্য, পাঁচ বছর আগে ক্যানসার ধরা পড়েছিল আদেশের। এবারও সেই ক্যানসারের কারণেই গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
 
‘চলতে চলতে’, ‘বাবুল’, ‘বাগবান’, ‘কাভি খুশি কাভি গম’, ‘রাজনীতি’-র মতো বলিউডের প্রায় ১০০ সিনেমায় সুর দিয়েছেন আদেশ। ১৯৯৩-এ কন্যাদান সিনেমায় সঙ্গীত পরিচালনা দিয়ে তাঁর অভিষেক।
 
আদেশের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। পরিচালক অনুভব সিনহা টুইটারে লিখেছেন, একেবারেই সহ্য করা যাচ্ছে না, এত কম বয়সে চলে গেলেন আদেশ।