যাত্রাবাড়ীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ভাঙচুর

রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে যমুনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় মিলি বেগম (২৪) নামে এক প্রসূতির  মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় লোকজন ও রোগীর স্বজনেরা উত্তেজিত হয়ে হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর চালায়।
 
শুক্রবার মধ্যরাতে ঘটে যাওয়া এই ঘটনার খবর পেয়ে অভিযুক্ত হাসপাতালের চিকিৎসক ডা. রওশন আরা পারভীন (৪৯),  ডা. মনিরুজ্জামান (৩৭), ওয়ার্ড বয় সাইদুল ইসলাম ও দুই নার্সকে জনতার হাত থেকে বাঁচিয়ে যাত্রাবাড়ী থানায় নিয়ে গেছে পুলিশ।
 
ঢাকা মেট্রোপলিটনের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম  (মিডিয়) জানান, শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেলে মিলি বেগম সন্তান প্রসব করে। বাচ্চাটি মারা যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে যমুনা হাসপাতালে আনা হয়। এই হাসপাতালের চিকিৎসক ডা. রওশন আরা পারভীন তার অপারেশন করলেও রোগীর অবস্থা খারাপের দিকে যায়। পরে রাত তিনটার দিকে একটি ইনজেকশন দেয়ার কয়েক মিনিটের মধ্যে মিলির মৃত্যু হয়।
 
তিনি জানান, এ ঘটনায় লোকজন উত্তেজিত হয়ে ওই হাসপাতালে রাতভর ভাংচুর চালায়। পরে পুলিশ গিয়ে ডাক্তার ও নার্সদের হেফাজতে নিয়ে আসে। 
 
তিনি আরো জানান, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। থানায় অভিযোগকারী স্বজন এবং প্রাথমিকভাবে আটকৃতরা রয়েছেন। মৃতের আত্মীয়রা এখনো মামলা করেননি।