ওয়ানডে দরজা বন্ধ হয়নি আজমল-ইউনিসের

অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান ও তারকা অফ স্পিনার সাঈদ আজমলের জন্য ওয়ানডে দরজা এখনো খোলা রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।

সাঈদ আজমল বোলিং অ্যাকশন শুধরে বাংলাদেশের বিপক্ষে ফিরেছিলেন। কিন্তু আশানুরূপ খেলতে না পারায় আবার শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েন। আর ইউনিস খানতো বিশ্বকাপের আগে থেকেই নেই। কিন্তু তারপরেও পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে তাদের সুযোগ দেওয়া হতে পারে।  প্রধান নির্বাচক হারুন রশিদ বলেছেন, ইউনিস ও আজমলের মত খেলোয়াড়দের জন্য ওয়ানডে দরজা এখনো খোলা আছে এবং দলের প্রয়োজন হলেই তাদের ডাকা হতে পারে।
 
 রশিদ যোগ করেন, তাদের অসাধারণ অবদানের জন্য এ দুই গ্রেট খেলোয়াড়ের প্রতি তার অনেক শ্রদ্ধাবোধ রয়েছে। তবে এই মুহূর্তে ওয়ানডে দলে তাদের অন্তর্ভুক্তিটা সঠিক হবে না বলেও উল্লেখ করেন তিনি।   টেস্ট দলের জন্য একজন উচ্চ মানসম্পন্ন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ইউনিসের প্রশংসা করেন তিনি। আজমলের বিষয়ে তিনি বলেন, তার পারফরমেন্স সতর্কতার সঙ্গে মনিটর করা হচ্ছে।