অপেক্ষমান-বঞ্চিত ১০ হাজার যাত্রীদের হজে নেয়ার অনুরোধ

অপেক্ষমান বঞ্চিত ও বৈধ প্রায় ১০ হাজার হজযাত্রী শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ক্রাইম রিপোর্টার্স বহুমুখি সমবায় সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তাদেরকে হজে নিয়ে যাওয়ার জন্যে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। সংবাদ সম্মেলনে এই অপেক্ষমান হজ যাত্রীদের পক্ষে ১২০টি হজ এজেন্সি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
‘হজে যেতে অপেক্ষমান বঞ্চিত বৈধ হজ যাত্রীবৃন্দ’ এই ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
সম্মেলনে বলা হয়, চলতি বছর হজ যাত্রী নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে সমাধান করতে পারেন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সৌদি বাদশাকে অনুরোধ করলেই অপেক্ষমান হজ যাত্রীরা হজে যেতে পারবেন। এর মধ্যে পাকিস্তান ও ভারতে হজ যাত্রীদের কোটা সংকট দেখা দিলে উভয় দেশ সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের কোটা উন্মুক্ত করে নেয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। তারা বলেন,  এই অনুরোধ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী বিশেষ দৃষ্টি দেবেন।
 
এদিকে আগামী ৭ স্পেটম্বর (সোমবার) থেকে আশকোনা হাজি ক্যাম্পের সামনে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন।
 
সম্মেলনে উপস্থিত ছিলেন- রুহুল আমিন, আবদুল কবির খান, আবদুল মতিন ভূইয়া, রেজাইল করিম, মুজিবুল হক শুক্কুর, মাওলানা ফজলুর রহমান, মাওলানা যাকারিয়া, মুক্তি আবদুল কাদের মোল্লা প্রমুখ।