সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, 'মধ্যপ্রাচ্যের শান্তি ও ইরানের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ রোধে এক সঙ্গে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে সৌদি এবং যুক্তরাষ্ট্র।' ওয়াশিংটনে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি বাদশাহ সালমানকে এ ব্যাপারে আশ্বস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি আরবের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘ইউরোপে ও অন্যান্য জায়গায় গত দুই মাস ধরে মিত্রদের সঙ্গে আলোচনার পর এ ধরনের নিশ্চয়তায় আশ্বস্ত হয়েছে সৌদি আরব। আমরা বিশ্বাস করি, এ চুক্তি ইরানের পরমাণু সমৃদ্ধকরণ রোধ করে এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায়ে অবদান রাখবে।’
বৈঠকে ইয়েমেন ও সিরিয়ার যুদ্ধ এবং বিশ্বব্যাপী তেলের মূল্যহ্রাস নিয়েও আলোচনা করা হয়। এ ছাড়া সৌদি-মার্কিন ‘ঐতিহাসিক’ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলেন উভয় নেতা।
- আলজাজিরা ও রয়টার্স