দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

শনিবার সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমান বাড়তে পারে। এ ছাড়া আগামী ২৪ ঘন্টায় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
 
আবহাওয়া অধিদফতর জানায়, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
 
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
 
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।