গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও পলাশবাড়ী উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম লেবুকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা সদরের মহেশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় নজরুলের ছেলে যুদ্ধাপরাধী দেলোওয়ার হোসেন সাঈদী মুক্তি আন্দোলনের উপজেলা শাখার সভাপতি গোলাম আজমকেও (৩৮) পুলিশ আটক করে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, রাতে গাইবান্ধা ও সাদুল্লাপুরের নিশ্চিতপুর জামায়াতের দুইটি গোপন সভায় মিলিত হয়ে নজরুল মোটরসাইকেলযোগে পলাশবাড়ী ফিরছিলেন। এসময় পুলিশের একটি দল ঐ এলাকায় তিনটি মোটরসাইকেলসহ আরোহীদের আটক করে ঘেরাও করে রাখে। আটককৃতরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে বাকীরা দুইটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে লেবু ও তার ছেলে গোলাম আজমকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, লেবু ২১টি নাশকতা মামলার পলাতক আসামি।