ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যায় শুক্রবার আরো পাঁচজন মারা গেছে। এ নিয়ে গত চারদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে।
আসাম সরকার বলছে, আজ যারা বন্যায় মারা গেছে, তাদের মধ্যে গোয়ালপাড়া ও ডিব্রুগড়ে দুজন করে আর মোরিগাঁওতে মারা গেছেন একজন।
রাজ্য বিপর্যয় মোকাবিলা সংগঠন জানিয়েছে, ব্রহ্মপুত্র, দিসাঙ, ধানসিঁড়ি, জিয়া ভরালি, বেকি আর কুশিয়াড়া নদীগুলিতে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে।
রাজ্যের আরো দুটি জেলা বন্যা কবলিত ঘোষণা করা হয়েছে, ফলে ২১টি জেলা এখন বন্যা কবলিত। তবে এই দফার বন্যায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বরপেটা জেলায় যেখানে প্রায় আড়াই লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে।
আসামের বিপর্যয় মোকাবিলা সংগঠন জানিয়েছে, রাজ্যের প্রায় ১৪ লক্ষ মানুষ বন্যা কবলিত হয়েছে। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ১৪০টি নৌকা নিয়ে দূরবর্তী এলাকাগুলি থেকে মানুষকে উদ্ধার করে নিয়ে আসছেন।
তবে অনেক এলাকায় এখনও সরকারি ত্রাণ না পৌঁছনোর ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
-বিবিসি