তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন নাদাল

ইতালির ফ্যাবিও ফোগনিনির কাছে পাঁচ সেটের লড়াইয়ে পরাজিত হয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন দুইবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। গত ১০ বছরে স্প্যানিশ তারকার নিউ ইয়র্ক থেকেই এটাই সবচেয়ে কম সময়ে বিদায়ের রেকর্ড।
 
দারুন এক লড়াইয়ের মাধ্যমে ফোগনিনি ৩-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে নাদালকে পরাজিত করে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন।
 
প্রথম দুই সেটে জয়ের পরে নাদাল যখন ১৫২তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের অনেকটা কাছাকাছি চলে গিয়েছিলেন তখন ১৪বারের স্ল্যাম বিজয়ী এই তারকার হঠাৎ পতনে সবাই হতবাক হয়ে যান। ২০০৪ সালের পরে প্রথমবারের মত কোন গ্র্যান্ড স্ল্যাম না জিতে বছর শেষ করতে যাচ্ছেন নাদাল। এই বছরে এই নিয়ে এটি ছিল নাদালের ১৫তম পরাজয়। শীর্ষ দশ খেলোয়াড়ের মধ্যে এবার তিনি মাত্র দুজনকে পরাজিত করতে পেয়েছেন।
 
এর মধ্যে অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন যা এ বছরে তার সেরা পারফরমেন্স। এই নিয়ে চলতি বছর তৃতীয়বারের মত নাদালকে পরাজিত করলেন ফোগনিনি। কিন্তু এর আগে রিও ও বার্সেলোনায় ক্লে কোর্টে জয়ী হয়েছিলেন ফোগনিনি।বাসস