পাকিস্তান টি-২০ লিগের অপেক্ষায় ওয়াসিম

 
পাকিস্তান প্রথমবারের মতো ঘরোয়া টি-২০ লিগ আয়োজন করতে যাওয়ায় দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছে দেশটির কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘এই লিগ তার দেশের খেলোয়াড়দের জন্য অতীব প্রয়োজনীয় আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।’
 
ইতোপূর্বে ২০১৪ এবং ২০১৫ সালেও এ লিগ আয়োজনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে স্পন্সরদের কাছ থেকে সাড়া না পেয়ে এবং অন্যান্য সমস্যার কারণে তা স্থগিত হয়ে যায়। শেষ পর্যন্ত কাতারের দোহায় একটি টি-২০ লিগ আয়োজনের ব্যপারে গত মাসে ঘোষণা দেয় পাকিস্তান।
 
প্রস্তাবিত এ লিগের মাধ্যমে বিদেশি শীর্ষ খেলোয়াড়দের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সুযোগ পাচ্ছে পাকিস্তানিরা।
 
প্রথমবার আয়োজিত টুর্নামেন্টের আকর্ষণ আরো বাড়াতে দূত হিসেবে ওয়াসিম ও সাবেক অধিনায়ক রমিজ রাজার নাম ঘোষণা করেছে পিসিবি। ওয়াসিম বলেন, এ ইভেন্টে সহায়তা দিতে মুখিয়ে আছেন তিনি।
বার্তা সংস্থা এএফপিকে ওয়াসিম বলেন, ‘টুর্নামেন্টের দূত হতে আমাকে প্রস্তাব দেয়া হয়েছে এবং যেহেতু এটা আর্থিকভাবেও আমাদের খেলোয়াড়দের জন্য সহায়ক হবেই তাই এটির বিষয়ে আমি দারুণ উত্তেজিত।’

খবর বাসসের।