২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেয়ার সরকারি পরিকল্পনা অনুযায়ী বর্তমান সরকার বিদ্যুৎ খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বিকালে জেলার বাঘা উপজেলার তাওরিপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি একথা বলেন।
তিনি বলেন, দেশের সুষম ও ভারসাম্যপূর্ণ উন্নয়নের জন্য বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ ক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছে। এই খাতের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যাপক ও কার্যকর প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও জানান, ২০১৮ সাল নাগাদ বাঘা ও চারঘাট উপজেলার প্রত্যেক পরিবার বিদ্যুৎ পাবে। যে সব শিক্ষা প্রতিষ্ঠান এখনো বিদ্যুৎ সংযোগ পায়নি তারা ও বিদ্যুৎ সংযোগ পাবে। দুই উপজেলায় কোন কাঁচা রাস্তা থাকবে না।
শাহরিয়ার আলম বলেন, বিদ্যুৎ ব্যবহার সম্প্রসারণে পূর্বেকার বিদ্যুৎ বিপর্যয় ও লোডশেডিং হ্রাস পাচ্ছে। বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তিতে পড়ছে না। সরকার তাৎক্ষণিক, স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে যা বিদ্যুৎ খাতের অসামান্য অগ্রগতি সাধন করেছে। তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন আগের ৩২০০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ১১,০০০ মেগাওয়াটে উন্নীত করেছে।
বাঘা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আয়নাল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমিনুল ইসলাম, পল্লী বিদ্যুৎ বোর্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুল কাদের, সহকারী জেনারেল ম্যানেজার খোরশেদ আলম এবং আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম বাবুল, শহীদুজ্জামান, ও মাসুদ রানা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বাসস