বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

 
শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আইসিআরসি আন্তর্জাতিক টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে ২০ রানে হেরেছে স্বাগতিকরা। দিনে অপর ম্যাচে বৃষ্টি আইনে ভারতকে ২৩ রানে হারিয়েছে ইংল্যান্ড।
 
বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত খেলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। ১৯.৩ বলে সবক’টি উইকেট হারিয়ে ১১২ রানে অলআউট হয় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন আমিন উদ্দিন। এছাড়া পত্রনবীশ তীর্থ ২২ রান করেন। পাকিস্তানের পক্ষে ফায়েজ আহমেদ ১১ রানে ৪ উইকেট শিকার করেন। জবাবে ১১৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৬ ওভারে ১ উইকেটে ৪৮ রান সংগ্রহ করে পাকিস্তান দল। এরপর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে আর খেলাই শুরু হতে পারেনি। ফলে বৃষ্টি আইনে পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হয়। কারণ বৃষ্টি আইনের নিয়মানুযায়ী ঐ সময় ২০ রানে এগিয়ে ছিলো পাকিস্তান।
 
নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছিলো বাংলাদেশ।

খবর বাসসের।