ঝিনাইদহের শৈলকুপারে উমেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফর ( ৪০ ) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় জি কে খালের ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। তিনি তামিনগর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় রিপন (২৭) নামে একজনকে আটক করা হয়।
শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান, সন্ধ্যার দিকে নিহত আবু জাফর রয়েড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ব্রিজের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা টিউবয়েলের হাতল দিয়ে ব্যাপক পিটায় ও পায়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়। তিনি আওয়ামী লীগের এক কর্মী বলে জানা যায়।