জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে (এসএইচবি) অর্থ জোগানের অভিযোগে মো. এনামুল হক নামে ঢাকার এক গার্মেন্ট ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার তুরাগ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে র্যাব জানায়। উল্লেখ্য, ওই সংগঠনকে অর্থায়নে গত ১৮ আগস্ট ঢাকা থেকে সুপ্রিম কোর্ট ও জজ কোর্টের তিন আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন, অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনকে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, আটক হওয়া ব্যবসায়ী এনামুল হক ‘শহীদ হামজা ব্রিগেড’ নামে জঙ্গি সংগঠনকে ১৬ লাখ টাকা দেয়ার তথ্য পাওয়া গেছে। তাকে চট্টগ্রাম বাঁশখালী থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। এনামুল তুরাগ এলাকায় গোল্ডেন টাচ নামে একটি পোশাক কারখানার পরিচালক।
প্রসঙ্গত, র্যাব গত ৮ মাসে শহীদ হামজা ব্রিগেডের সদস্য সন্দেহে ৩২ জনকে আটক করেছে। এর মধ্যে ৩০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া জঙ্গি সংগঠনের কাছ থেকে ২৫টি দেশি-বিদেশি অস্ত্র, প্রায় সাড়ে চার হাজার রাউন্ড বিভিন্ন প্রকারের গুলি, ৭৬টি তাজা বোমা, ১৫০ কেজি বিস্ফোরক, ৩০ প্রকার বোমা তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ জিহাদি বই ও প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করা হয়।