রাজধানীর গুলশানের একটি বুটিকস হাউজে অভিযান চালিয়ে বাঘ, হরিণসহ বিভিন্ন পশুর চামড়া উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার রাতে এসব উদ্ধার করা হয়।
সিআইডির ইন্সপেক্টর আতাউর জানান, গুলশান-২ এর ডিসিসি মার্কেটের মো. ফরহাদ হোসেনের মালিকানাধীন ‘লেদার বুটিকস’ নামের একটি দোকান থেকে এগুলো উদ্ধার করা হয়। ওই দোকানে এ সব পশুর চামড়া দিয়ে তৈরি বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ব্যাগও জব্দ করা হয়েছে। অভিযানে শুরুতেই দোকান মালিক ফরহাদ পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, রাজধানীতে আরও বেশ কিছু দোকান রয়েছে যারা বাঘ, হরিণসহ বিভিন্ন বন্য প্রাণিকে হত্যার পর চামড়া ও হাড়গোড় নিয়ে বিভিন্ন ধরনের অর্নামেন্ট তৈরি করে মোটা অঙ্কের টাকায় বিক্রি করছে। এসবের বৈধতা না থাকলেও গোপনে একটি চক্র এ ব্যবসা করছে।