মিরসরাইয়ে ব্যবসায়ীকে হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে মেজবাহ উদ্দিন (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার ভোরে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মেজবা মলিয়াইশ গ্রামের জামাল উল্লাহর ছেলে।
 
মেজবাহ উদ্দিনের আত্মীয় শওকত আকবর সোহাগ জানান, শনিবার রাত ১১টার দিকে উপজেলার সাধুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। কিন্তু রাত দুইটা হলেও মেজবাহ বাড়ি না ফেরায় বিষয়টি তার স্ত্রী মেজবার মাকে জানান। এরপর তার ভাইয়েরা খোঁজ করলে বাড়ির অদূরে তার লাশ পায়। মেজবার বুকে গুলির চিহ্ন ও শরীরে ধারালোর অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 
 
জানা গেছে, কয়েক বছর ধরে চলাচলের একটি রাস্তা নিয়ে স্থানীয় অহিদের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এছাড়া কয়েকদিন আগে কিছু সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করেছিল। অন্যথায় তাকে কেবল নেটওয়ার্কের ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দেয় তারা।
 
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ এমকে ভূঁইয়া বলেন, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।'