ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সুপ্রীম কোর্ট বার কাউন্সিল এবং প্রকৌশলীদের সর্বোচ্চ প্রতিষ্ঠানে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের জয়ের মাধ্যমে সরকারের জনপ্রিয়তা বৃদ্ধির বিষয়টি প্রমাণ হয়েছে।
তিনি বলেন, দেশের সর্বোচ্চ মেধাবীদের এ দু’সংগঠনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট( আইআরআই)’র জরিপের ফলাফলের সত্যতা নিশ্চিত করেছে।
রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বাষির্কী উপলক্ষ্যে ৪০ দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আগামী বুধবার ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সফল করার লক্ষ্যে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমান, মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপি, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ।
সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি দেশে পেশাজীবীদের সংগঠন সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন এবং প্রকৌশলীদের সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সুপ্রীম কোট বার কাউন্সিল নির্বাচনে ১৪টি পদের মধে ১১টি আওয়ামী লীগ এবং প্রকৌশলীদের ১০টি নির্বাহী পদের মধ্যে ১০টিতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশভাবে জয় লাভ করে।